জিয়াউর রহমানের নাম আসবে বলেই বিগত সরকার খাল খনন করেনি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Somoy TV

জিয়াউর রহমানের নাম আসবে বলেই বিগত সরকার খাল খনন করেনি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজনীতির সংকীর্ণতার কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে দেশের মানুষ বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, খাল খনন করলে জিয়াউর রহমানের নাম সামনে চলে আসবে, তাই বিগত সরকার এর কোনো উদ্যোগ নেয়নি।শনিবার (২৮ মার্চ) সকালে যশোরের কেশবপুর উপজেলার বুরুলি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খাল পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কপোতাক্ষ নদ সংলগ্ন এলাকার মানুষ বছরের পর বছর ধরে জলাবদ্ধতার শিকার। এই সংকট থেকে মুক্তি দিতে ‘কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ প্রকল্পের আওতায় বুরুলি খালের তিন কিলোমিটার খননকাজ শুরু হয়েছে। সকাল ১০টায় এই খননকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কাজ উদ্বোধন শেষে তিনি একটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তারেক রহমানের সরকার মানুষের দুঃখ-কষ্টের সমব্যথী। এ কারণেই সরকার এ অঞ্চলের মানুষের সমস্যার সমাধান করতে চায়। বিগত সরকার উন্নয়নের নামে পকেট ভারী না করলে ভবদহের সমস্যার সমাধান এতদিনে হয়ে যেত।’ আরও পড়ুন: যশোরে পেট্রোল পাম্পে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান বর্ষার আগেই বাঁধ অপসারণ ও স্লুইসগেট সচল করার ওপর জোর দিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করেন, এতে করে গত বছরের জলাবদ্ধতার কষ্ট অন্তত এবার ৫০ শতাংশ লাঘব করা সম্ভব হবে। একই সঙ্গে সেনাবাহিনী পরিচালিত এই খননকাজে তরুণ সমাজকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই খননকাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের প্রত্যাশা, এবার হয়তো সত্যিই পানিবন্দি জীবন থেকে মুক্তি মিলবে তাদের।

Go to News Site