Somoy TV
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় এখন পর্যন্ত ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে র্যাব-৭ চট্টগ্রাম ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।র্যাব সূত্রে জানা যায়, ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে।সবশেষ ২৭ মার্চ নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজ, চট্টগ্রামের পাহাড়তলী থেকে বেলাল এবং বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়েছে।এর আগে, ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান, ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টালী থেকে সেলিম এবং ১০ ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকা থেকে সেকেন্দার মিয়া গ্রেফতার হন।এছাড়া, জানুয়ারিতে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ আলী হাওলাদার, খন্দকার জাহিদ হোসেন, আলীরাজ হাসান, মিজান, মামুন, শহাজাহান ও শফিকুল ইসলামসহ আরও কয়েকজনকে আটক করা হয়।শনিবার (২৮ মার্চ) র্যাবের পক্ষে থেকে এ তথ্য জানানো হয়েছে।র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চলছে। সবশেষ শুক্রবার ৩ জনকে গ্রেফতার করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।আরও পড়ুন: জঙ্গল সলিমপুরে অভিযান, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ২২র্যাব আরও জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা হয়। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর র্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলায় হত্যা, হত্যাচেষ্টা ও হামলাসহ একাধিক ধারা যুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
Go to News Site