গাজায় মানবিক সহায়তা দিলো বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া
Somoy TV

গাজায় মানবিক সহায়তা দিলো বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশি তরুণরা। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) এবং ‘প্রজেক্ট ১০ টাকা’-এর যৌথ উদ্যোগে গাজার ক্ষতিগ্রস্ত বসতিগুলোতে গরম খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।বিয়াম-এর ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান জানান, চলমান সংঘাতের ফলে গাজায় সৃষ্ট তীব্র খাদ্য সংকট মোকাবিলায় পবিত্র রমজানের শেষ দশকে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।  মালয়েশিয়া ও বাংলাদেশে যৌথভাবে ফান্ড সংগ্রহের পর ‘প্রজেক্ট ১০ টাকা’ এর সরাসরি তৎপরতায় খাবার তৈরির পুরো প্রক্রিয়াটি বাস্তবায়িত হয়। এর ফলে দূর প্রবাস থেকে পাঠানো সহায়তা সরাসরি স্থানীয় উপকারভোগীদের হাতে পৌঁছে দেয়া সম্ভব হয়েছে, যা যুদ্ধের ভয়াবহতার মাঝেও এক চিলতে স্বস্তি এনে দিয়েছে। প্রকল্পের বাস্তবায়ন নিয়ে ‘প্রজেক্ট ১০ টাকা’ এর প্রধান কর্মকর্তা মাগফিরাত বলেন, রমজান মাসে যুদ্ধের তীব্রতা ও বাজারে খাদ্যপণ্যের অভাবের কারণে সীমিত বাজেটে প্রকল্পটি সম্পন্ন করা ছিল বড় চ্যালেঞ্জের। আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রফেশনাল ভিসায় কড়াকড়ি, ৩ ক্যাটাগরিতে মানতে হবে নতুন শর্ত তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় লক্ষাধিক টাকা সংগ্রহ করা সম্ভব হয় যা দিয়ে গাজার যুদ্ধকবলিত এলাকায় অস্থায়ী চুলার মাধ্যমে রান্না করা খাবার পরিবারগুলোর মাঝে পৌঁছে দেয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাঠানো ছবিতে দেখা গেছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিশুদের হাতে খাবার পৌঁছে দেয়ার পর তাদের মুখে ফুটে উঠেছে এক অমলিন হাসি। সীমিত সামর্থ্য সত্ত্বেও আয়োজকরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গাজার মতো সংকটপূর্ণ অঞ্চলে এই ধরণের উদ্যোগ ক্ষুধা নিবারণ, অসহায় মানুষদের মনে বাঁচার আশা ও সাহস জোগাচ্ছে। বাংলাদেশি তরুণদের এই সময়োপযোগী কার্যক্রম ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে বলে জানান আয়োজকরা। আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইট চালুর উদ্যোগ

Go to News Site