Somoy TV
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬' প্রকাশিত হয়েছে। এতে চতুর্থ বারের মতো স্থান করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইন্জিনিয়ারিং (পিএমই) বিভাগ।সম্প্রতি প্রকাশিত এ র্যাঙ্কিং অনুযায়ী, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে চুয়েটের অবস্থান ১৫১ থেকে ১৭৫-এর মধ্যে। সূচকভিত্তিক স্কোরে অ্যাকাডেমিক রেপুটেশনে ৪১ দশমিক ৩, এমপ্লয়ার রেপুটেশনে ৩৯ দশমিক ২, সাইটেশন পার পেপারে ৭৯ দশমিক ৪ এবং এইচ-ইনডেক্স সাইটেশনে ৬৫ দশমিক ৭ পয়েন্ট অর্জন করেছে প্রতিষ্ঠানটি।একই বিষয়ে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বুয়েটের অবস্থান ১০১–১৫০-এর মধ্যে।কিউএসের বিষয়ভিত্তিক এই র্যাঙ্কিংয়ের ২০২৬ সংস্করণে পাঁচটি বিস্তৃত বিষয়ের আওতায় মোট ৫৫টি পৃথক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের তালিকায় বিশ্বের ১ হাজার ৯০০-এরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮ টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের জন্য র্যাঙ্কিংয়ে তালিকাভূক্ত হয়েছে। এতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট ও চুয়েট এ বছর তালিকায় জায়গা করে নিয়েছে। বুয়েটের ৭টি এবং চুয়েটের একটি বিষয় নির্দিষ্ট সাবজেক্ট ক্যাটাগরিতে স্থান পেয়েছে।আরও পড়ুন: ধানের খোসার ছাই দিয়ে গবেষণা, আন্তর্জাতিক অনুদান পেলেন চুয়েটের ৪ শিক্ষার্থীচুয়েটের পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুয়েট পিএমই বিভাগের এই অর্জন অত্যন্ত গর্বের, তবে আমাদের লক্ষ্য সুদূর প্রসারী। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিভাগটি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিক অগ্রগতি বজায় রেখে আমরা লক্ষ্য পূরণ করবো।তিনি আরও বলেন, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং নতুন পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site