Somoy TV
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শক টানছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘রাক্ষস’। আর এ সিনেমারই জনপ্রিয় একটি গান ‘তুমি ছাড়া’ যা সাড়া ফেলেছে সংগীতপ্রেমীদের হৃদয়ে।‘তুমি ছাড়া’ গানটি মেলোডিয়াস ভার্সন। গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ থেকে উঠে আসা প্রতিভাবান শিল্পী হুমায়েরা ঈষিকা। তার সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সঙ্গীতও করেছেন ইমরান। গানটি প্রসঙ্গে ঈষিকা বলেন,আমার গাওয়া ভার্সনটি এতোদিন সিনেমাতেই দেখা যাচ্ছিল। সিনেমা হল থেকে সেই গানের অংশটুকু ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলাম। অনেক দর্শক আমার ভার্সনটি খুব পছন্দ করেছিল। তারা চাইছিল যেন মেলোডিয়াস ভার্সনটিও যেন আলাদা করে প্রকাশ করা হয়। গত ২৫ তারিখ গানটি আলাদাভাবে প্রকাশিত হয়েছে। যথারীতি দারুণ সাড়া পাচ্ছি। ঈষিকা আরও বলেন,এবার ঈদটি ‘তুমি ছাড়া’ গানটির কারণে স্পেশ্যাল হয়ে উঠেছে। যদিও এবার ঈদের সিনেমার আরও একাধিক গান আমার গাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে হয়নি, শুধু এই একটি গানই গেয়েছি। তারপরও আমি ভীষণ খুশি যে, এই অল্প সংখ্যক সিনেমায় যে অল্প ক’জন শিল্পী গাওয়ার সুযোগ পেয়েছেন তারমধ্যে আমি একজন। অনেক জনপ্রিয় শিল্পীরও এবার ঈদে গান নেই। সেদিক থেকে তুলনামূলক নতুন শিল্পী হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ইমরান মাহমুদুলসহ পুরো ‘রাক্ষস’ সিনেমার টিমকে আমি ধন্যবাদ জানাই। আরও পড়ুন: ব্রিটিশ পার্লামেন্টে বাংলা গান ‘প্রেম পিয়াসা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত প্রসঙ্গত, ঈষিকা এর আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার বেশকিছু গান করেছেন। এছাড়া নিয়মিত মিউজিক ভিডিওতে তাকে পাওয়া যাচ্ছে একক এবং জনপ্রিয় শিল্পীদের সঙ্গে ডুয়েট গানে। এছাড়া কনসার্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ সংগীতশিল্পী। আরও পড়ুন: তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় যে বার্তা দিলেন শাকিব
Go to News Site