Somoy TV
রূপগঞ্জে পরিমাণের চেয়ে বেশি তেল না দেয়ায় ফিলিংস্টেশনের ম্যানেজারসহ ৫ জনকে মারধরের ঘটনা ঘটেছে। এমনকি জোরপূর্বক মোটরসাইকেলে তেল ভর্তি করে টাকা না দেবার অভিযোগ উঠেছে।এতে ফিলিংস্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে শনিবার বেলা ১১টার দিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফের চালু করা হয় বন্ধ থাকা ফিলিংস্টেশন।পূর্বাচল ফিলিংস্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকারি নিয়ম মোতাবেক তারা মোটরসাইকেল, প্রাইভেটকারে অকটেন সরবরাহ করে আসছেন। এদিকে শুক্রবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের সহযোগী গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০/১২ টে মোটরসাইকেল যোগে ১৫/১৬ জন যুবক কুশাবো পূর্বাচল মডেল ফিলিংস্টেশনে এসে নিয়ম ভেঙে তাদের চাহিদা মতো অকটেন দিতে বলে। কর্তৃপক্ষ দিতে অপারগতা প্রকাশ করলে আরমান ও তার লোকজন উত্তেজিত হয়ে ফিলিংস্টেশনের ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্যাহ, সোহাগকে মারধর করে। এক পর্যায়ে তারা জোরপূর্বক টাকা না দিয়ে মোটরসাইকেলে অকটেন নিয়ে যায়। পরে কর্তৃপক্ষ ফিলিংস্টেশন বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালকরা। আরও পড়ুন: পূর্বাচলে রাতে জবাই করা ঘোড়ার মাংস দিনে গরু বলে বিক্রি, ১১ ঘোড়া উদ্ধারপরে বিষয়টি জানতে পেরে শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান ফিলিংস্টেশনে তেল সরবরাহ শুরু করেন। এ ঘটনায় ফিলিংস্টেশন কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান বলেন, ফিলিংস্টেশন বন্ধ শুনে ঘটনাস্থলে এসে সেটা পুনরায় চালু করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অবিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করবে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া প্রতিটি পাম্পে নজরদারিতে রাখা হয়েছে। তেল সরবরাহে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখা হচ্ছে। কোনো পাম্পে তেল না থাকলে সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site