ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Jagonews24

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কিছু বেসরকারি মেডিকেল কলেজকে ভুয়া চিকিৎসক তৈরির কারখানা হিসেবে উল্লেখ করে সেগুলো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। শনিবার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে কলেজগুলোর ফাইল পর্যালোচনা করে একের পর এক অনিয়মের চিত্র দেখে তিনি এ হুঁশিয়ারি দেন। টেবিলজুড়ে থাকা বিভিন্ন ফাইল ঘেঁটে অনিয়মের তথ্য তুলে ধরে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী জানান, কিছু বেসরকারি মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে নীতিমালা উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানের বদলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই, নেই প্রয়োজনীয় দলিলপত্র। এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই কিছু প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এম এ মুহিত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক জায়গায় হাসপাতাল নেই, রোগী নেই। তাহলে সেখানে শিক্ষার্থীরা কীভাবে চিকিৎসক হিসেবে গড়ে উঠবে? অভিভাবকরা কষ্টার্জিত অর্থ ব্যয় করছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হচ্ছেন।’ এভাবে প্রশিক্ষণহীন চিকিৎসক তৈরি হলে তা জনগণের স্বাস্থ্যনিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে ন্যূনতম মানদণ্ড বজায় রাখতে হবে। পর্যাপ্ত শিক্ষক, হাসপাতাল ও রোগী ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। বর্তমান সরকারকে ‘অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ’ গড়ার সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘যেভাবে ভুয়া ক্লিনিক ও ভুয়া নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করা হবে।’ জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। এসইউজে/একিউএফ

Go to News Site