তেলের কৃত্রিম সংকট ঠেকাতে এমপিদের খোঁজখবর রাখার নির্দেশ
Jagonews24

তেলের কৃত্রিম সংকট ঠেকাতে এমপিদের খোঁজখবর রাখার নির্দেশ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দেশে পর্যাপ্ত তেলের মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃত্রিম সংকট ঠেকাতে সংসদ সদস্যদের খোঁজখবর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতেই জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এসময় মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা। এছাড়া বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদ শুরুর আগে রেওয়াজ অনুযায়ী বৈঠক হয়েছে। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশন বসবে সে কারণে আলোচনা হয়েছে। চিফ হুইপ বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে তেলের দাম বাড়ানো হয়নি এবং ভর্তুকির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। কোনো ঘাটতি নেই উল্লেখ করে সবাইকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে এরই মধ্যে জাহাজ পৌঁছেছে এবং আরও দুই লাখ মেট্রিক টন তেল লোড হচ্ছে। ফলে দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এ বিষয়ে নজরদারি বাড়াতে সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত তেল মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এমওএস/এমএএইচ/

Go to News Site