Somoy TV
বিএনপি গণভোটে অংশ নিয়েও এখন সরকারি দল হয়ে সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ডাক বাংলোতে এনসিপির মহানগর কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ এই মন্তব্য করেন।জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটে জনগণের রায় প্রতিফলন হয়েছে। ৭০ শতাংশ মানুষই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধানও গণভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা করেছেন। এখন বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে।’তাই দ্রুত সময়ের মধ্য গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে সেখানে সব সংস্কার বাস্তবায়ন করতে সরকারি দলের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।তিনি বলেন, ‘এর ব্যত্যয় ঘটলে এবং বিএনপি যদি সংবিধানের দোহায় দেয় এটা জনগণের কাছে বিশ্বাস যোগ্য হবে না। এর ফলে দেশে রাজনৈতিক আস্থার সংকট সৃষ্টি করবে। তখন এই বিষয় রাজপথে গড়াবে। সেই জিনিস যাতে রাজপথে না গড়ায়, যাতে সংসদেই সমাধান হয় এই দায়িত্ব সরকারি দলকে নিতে হবে। যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতায় আছে।’আরও পড়ুন: ২৬ মার্চ ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন: নাহিদসংবিধান ও স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সাম্প্রতিক সময় দেখেছি স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মুখে পড়লেন। যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছে। তাই সংবিধান অনুযায়ী জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে পারেন না। তাদের এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচন হয়েছে।’এর আগে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও সরকারি দল গণরায়কে মানছে না। তারা দ্বিচারিতা ও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নাই।’তিনি বলেন, ‘এই দ্বিচারিতা ও সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করতে আমরা আওয়ামী আমলে দেখেছি। আওয়ামী লীগ একইভাবে সংসদকে কব্জা করে সংবিধানকে দলীয়করণ করেছে। সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে। একই প্রবণতা আমরা বর্তমান সরকারি দলের মধ্যে দেখতে পাচ্ছি।’আরও পড়ুন: সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলামনাহিদ ইসলাম বলেন, ‘এই প্রবণতা চলতে থাকলে জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দেবে। এর জন্য জাতীয় নাগরিক পার্টি ও দলের সব অঙ্গসংগঠন প্রস্তুত রয়েছে। আমাদের সংগ্রাম সংসদে এবং রাজপথেও থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি। কিন্তু সংসদে গিয়ে আমরা রাজপথকে ভুলে যাইনি।’এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।এ ছাড়া উপস্থিত ছিলেন: এনসিপির জেলা আহ্বায়ক জুবায়ের সরকার, সদস্য সচিব জুবায়ের হোসেন তামজিদ, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর কমিটির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সরফারাজ হক সজীব এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Go to News Site