Somoy TV
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পনগরী গাজীপুরে। গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে শ্রমজীবী মানুষ কর্মস্থলে ফিরে আসায় রোববার (২৯ মার্চ) সকাল থেকেই সরব হয়ে উঠেছে কারখানাগুলো। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। ঈদ পরবর্তী এই স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরে মোট ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্রায় দুই হাজার ১০০টি পোশাক কারখানা আজ খুলেছে। যেখানে প্রায় ২২ লাখ শ্রমিক কর্মরত। অধিকাংশ কারখানায় টানা ১০ দিনের ছুটি ছিল। ছুটি শেষে আজ থেকে এসব কারখানা পুরোদমে চালু হয়েছে।সকাল থেকেই বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলে পৌঁছান। কাজের পরিবেশে ফিরে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা।আরও পড়ুন: ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ: বিজিএমইএতারা জানান, স্বাভাবিক কর্মপরিবেশ ও ন্যায্য বেতন-ভাতার ধারাবাহিকতা বজায় থাকলে তারা আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন।কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের জন্য নিরাপদ ও শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও কর্মপরিবেশের বিভিন্ন দিক জোরদার করা হয়েছে।চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তা কর্মকর্তা রাহিবুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, যাতে তারা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’আরও পড়ুন: হাসি মুখে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকরাসংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন শ্রমিক ও মালিক উভয় পক্ষই।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘আজ থেকে গাজীপুরে শতভাগ কারখানা ঈদের ছুটি শেষে চালু হয়েছে। কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে।’
Go to News Site