Somoy TV
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর চাপ, গেল দুই সপ্তাহে ভর্তি হয়েছে শতাধিক শিশু। মৃত্যু হয়েছে পাঁচজনের। পরিস্থিতি সামলাতে গঠন করা হয়েছে মেডিকেল টিম, করা হয়েছে পৃথক কর্নারও। চলছে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতিও।রোববার দুপুরে শিশু বিভাগে গিয়ে দেখা যায়, রোগীতে ঠাসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের তিনটি ইউনিট। এরই মধ্যেই তিনটি পৃথক কক্ষে চিকিৎসা নিচ্ছে ছোঁয়াচে রোগ ‘হাম’আক্রান্ত শিশুরা।হাসপাতালটিতে বাড়তে শুরু করেছে হাম আক্রান্ত রোগী। ময়মনসিংহ জেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে হাম আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে মমেক হাসপাতালে। গত ১২ দিনে হাসপাতালে ১০৮ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে পাঁচ শিশুর। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই জনের। এতে বাড়ছে আতংক।হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আয়নাল হকের ৬ মাস বয়সী ছেলে নুরুন্নবীর মৃত্যু হয়। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির পরপরই তার অবস্থার অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।এদিকে, ময়মনসিংহ সদর উপজেলার চরগোবদিয়া গ্রামের আবদুর রহিমের ৭ মাস বয়সী ছেলে লিয়ন গত ২৭ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।আবদুর রহিম জানান, ঈদের আগে নিউমোনিয়া নিয়ে তার ছেলে পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিল। পরে বাড়িতে নেওয়ার পর তার শরীরে হাম দেখা দিলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।আরও পড়ুন: হামে বাড়ছে শিশুমৃত্যু, দেশজুড়ে উদ্বেগহাসপাতাল সূত্রে আরও জানা যায়, রোববার দুপুর পর্যন্ত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ৬৮ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে।চলতি মাসের মাঝামাঝি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় গত ২৪ মার্চ হাসপাতাল প্রশাসন তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করে। শিশু ওয়ার্ডে হাম আক্রান্তদের জন্য তিনটি আলাদা কক্ষ নির্ধারণ করা হয়, যেগুলো ‘হাম/মিসেলস কর্নার’ নামে পরিচিত। প্রতিটি কক্ষে ১০টি করে শয্যা রয়েছে এবং নির্ধারিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীর চাপ বাড়ায় এসব কক্ষেও জায়গা সংকট দেখা দিয়েছে। ১৮ মার্চ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ হাম আক্রান্ত রোগীদের তথ্য আলাদাভাবে সংরক্ষণ শুরু করে।চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি, কথা বলা কিংবা সরাসরি সংস্পর্শের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগের জটিলতা হিসেবে নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ ও মস্তিষ্কে প্রদাহসহ নানা সমস্যা দেখা দিতে পারে, যা শিশুদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। বর্তমানে হাসপাতালে ভর্তি অনেক শিশুই নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন জটিলতায় ভুগছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান বলেন, টিকাদান সঠিকভাবে না হওয়ায় হামের প্রকোপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিশু বিভাগের তিনটি কক্ষ নিয়ে করা হাম কর্নার সরিয়ে নতুন ভবনের আট তলায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি চলছে।
Go to News Site