Jagonews24
‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে তালসারি গিয়েছিলেন কলাকুশলীরা। সেখানেই দুর্ঘটনায় মারা যান টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিকে তার সঙ্গে কাজ করছেন রেশমি সেন। তিনি জানালেন- কী ঘটেছিল সেখানে? ভারতীয় গণমাধ্যম ‘আজকাল’র অনলাইন সংস্করণকে রেশমি সেন বলেন, ‘আমার চরিত্রটা তালসারিতে যায়নি। আমি স্পটে ছিলাম না। বলতে পারব না কী হয়েছে।’ তবে তার সংযোজন, ‘বাকি যে শিল্পীরা ছিল তাদের প্যাকআপ হয়ে গিয়েছিল। তারা গাড়িতে বেরিয়ে উপরে ছিল। ফলে বাকিটা আমি জানি না কী হয়েছে।’ রেশমি সেন এদিন জানান রাহুলের প্রয়াণের খবর তিনি ইউনিট থেকে পাননি। অভিনেত্রীর কথায়, ‘ইউনিট থেকে কোনো খবর আসেনি। কৌশিক বম্বেতে শুটিং করছে ওর কাছে আগে খবর গেছে। কৌশিক অসম্ভব ভেঙে পড়েছে। ওই আমায় আগে জানিয়েছে।’ প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ (২৯ মার্চ) তালসারিতে শুটিং করতে গিয়ে বোটিংয়ে যান। সেই সময়ই পড়ে যান। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টালিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত। বর্তমানে তাকে দর্শকরা ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তার এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। এছাড়া তিনি আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে অভিনয় করেও ব্যাপক প্রশংসিত হন। এমএমএফ
Go to News Site