Jagonews24
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদিব ও ঢাকা দক্ষিণে সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে তরিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনে মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে আবদুর রহমান আফজাল প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে সবকিছু দলীয়করণ করছে। দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জনগণের সেবা নয়, স্থানীয় সরকার দখলের খেলায় নেমেছে বিএনপি। সংবাদ সম্মেলনে আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি জানান আখতার হোসেন। দাবিগুলো হলো- উপজেলা পর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া যাবে না, যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি তাদের আর মনোনয়ন দিতে পারবে না এবং দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এনএস/এসএএইচ
Go to News Site