চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী হেফাজতে | Collector
চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী হেফাজতে
Jagonews24

চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী হেফাজতে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে জিন্নাত আরা ঝিনুক (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত গৃহবধূ ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাদের সাত মাস বয়সী একটি সন্তান রয়েছে, যার নাম মোহাম্মদ রায়হান। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আর্থিক সংকট কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। স্বামী ওমর ফারুক জানান, তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখেছিলেন ও তা ফেরত আনা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ হয়। সকালে বাড়ির বাইরে যাওয়ার পর ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে টিন কেটে ঘরে ঢুকে তাকে নিচে নামান। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। ঘটনার পর পর আত্মহত্যার সময় ধারণ করা ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে দেখা যায়, জিন্নাত আরা ঝিনুক ওড়না দিয়ে ঘরের পাখার সাথে ফাঁসি লাগিয়ে ঝুলে পড়ে। যে ভিডিওতে তার স্বামী ওমর ফারুককে দরজার খোলার জন্য চিৎকার করতে দেখা যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। এমআরএএইচ/এসএএইচ

Go to News Site