বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ | Collector
বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
Jagonews24

বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ

বরগুনায় ফিলিং স্টেশনে জ্বালানি ব্যবস্থা তদারকি, সমন্বয় এবং অবৈধ সরবরাহ ও মজুত বন্ধ করতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। জেলার ছয়টি পেট্রোল পাম্পে এই নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারদের মধ্যে বরগুনা সদর উপজেলার মেসার্স এসএন্ডবি ফিলিং স্টেশনে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। আমতলী উপজেলার সৈকত ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, মেসার্স কেএস ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহাগ মিয়া এবং রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে উপজেলা বিএডিসি প্রকৌশলী মুহাইমিনুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া, পাথরঘাটা উপজেলার তুরাগ অয়েল অ্যান্ড গ্যাস সার্ভিস লিমিটেডে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং পাথরঘাটা ফিলিং স্টেশনে উপজেলা মাধ্যমিক অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মুনিরুল ইসলামকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বরগুনার এসব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোর তেল মজুদের সঠিকতা যাচাই, তেল বিক্রিতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ এবং অবৈধভাবে তেল সরবরাহ করা হচ্ছে কিনা তা নজরদারি করবেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা বরগুনায় নির্ধারিত ফিলিং স্টেশনগুলো মনিটরিং করবেন ও কোথাও অবৈধভাবে তেল সরবরাহ করা হচ্ছে কি না, আমাদেরকে সেই তথ্য জানাবেন। জেলার বর্তমান জ্বালানি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকরা ভালো জানেন। নুরুল আহাদ অনিক/এসএএইচ

Go to News Site