Jagonews24
ঋণের নামে ইসলামী ব্যাংক পিএলসি থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ১১ জন দায়িকের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন। আদালত আত্মসাৎ করা অর্থ দ্রুত ব্যাংকে ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন। মামলার নথি অনুযায়ী, গাড়ি কেনার উদ্দেশ্যে এস আলমের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেড ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নেয়। তবে অভিযোগ রয়েছে, ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার না করে গাড়ি না কিনেই পুরো টাকা আত্মসাৎ করা হয়। পরে অর্থ আদায়ে আদালতের দ্বারস্থ হয় ইসলামী ব্যাংক। রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে এস আলম পরিবারের নয় সদস্য রয়েছেন। তারা হলেন- সাইফুল আলম (এস আলম), তার ছেলে আহসানুল আলম, স্ত্রী ফারজানা পারভীন, ভাই ওসমান গনি, রাশেদুল আলম, আব্দুস সামাদ, শহিদুল আলম, আব্দুল্লাহ হাসান, ওসমান গনির ছেলে গোফরানুল আলম এবং ভাইয়ের স্ত্রী ফারজানা বেগম। সংশ্লিষ্টরা বলছেন, এস আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের মধ্যে আদালতের এ রায়কে একটি গুরুত্বপূর্ণ বিচারিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।ইএআর/জেএইচ
Go to News Site