Collector
সংবিধান ছুড়ে ফেলে দেওয়া এখন সময়ের ব্যাপার: আসিফ মাহমুদ | Collector
সংবিধান ছুড়ে ফেলে দেওয়া এখন সময়ের ব্যাপার: আসিফ মাহমুদ
Jagonews24

সংবিধান ছুড়ে ফেলে দেওয়া এখন সময়ের ব্যাপার: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান প্রজন্মের কাছে সংবিধানের প্রতি আগের মতো সম্মান অবশিষ্ট নেই। তিনি দাবি করেন, নতুন প্রজন্মই ভবিষ্যতে নতুন রাষ্ট্র ও সরকারব্যবস্থা গড়ে তুলবে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ময়মনসিংহ নগরের টাউনহলের তারেক স্মৃতি মিলনায়তনে ‘তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলা শাখা। আসিফ মাহমুদ বলেন, ‘পুরোনো বন্দোবস্তের সুবিধাভোগীরা হয়তো তরুণদের টেনে ধরার চেষ্টা করবে। কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে সংবিধান নিয়ে কোনো সম্মান অবশিষ্ট নেই। সংবিধান যখন মানুষের কাছে সম্মান হারায়, তখন এটি কাগজের বই ছাড়া আর কিছু নয়। সংবিধান ছুড়ে ফেলে দেওয়া এখন সময়ের ব্যাপার। জেন-জি ও জেন-আলফারা আসছে, তারা এটাকে ছুড়ে ফেলবে এবং নতুন রাষ্ট্র-সরকার ব্যবস্থা গড়ে উঠবে।’ তিনি আরও বলেন, আর্থিক কাঠামোয় বড় ধরনের সংস্কার ছাড়া বিশাল বাজেট বাস্তবায়ন করা কঠিন। বর্তমান কর প্রশাসনিক সক্ষমতা দিয়ে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এনসিপির এই নেতা বলেন, নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম বাজেটে জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন থাকবে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিকল্পনা দৃশ্যমান নয়। বর্তমান অর্থনীতির মৌলিক সংকটগুলোর মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা, বিনিয়োগ সংকট ও রাজস্ব ঘাটতি নিয়ে বাজেটে সুস্পষ্ট রূপরেখা নেই বলেও অভিযোগ করেন তিনি। সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে জাতীয় ছাত্রশক্তির তৃণমূল নেতা-কর্মীরা অংশ নেন। তারা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, তরুণদের জন্য পৃথক বাজেট, কর্মসংস্থান এবং কৃষি খাত নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। জাতীয় ছাত্রশক্তির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরাজ মেহেরাব তালুকদার জাহিদ আহসান, জাবেদ রাসিন ও লুৎফর রহমান প্রমুখ। হোসাইন সুলভ/জেএইচ

Go to News Site