Somoy TV
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পুরোনো বন্দোবস্তের যারা সুবিধাভোগী আছে, তারা হয়তো তরুণদের টেনে ধরার চেষ্টা করবে। পরবর্তী প্রজন্মের মধ্যে সংবিধান নিয়ে সম্মান অবশিষ্ট নেই। সংবিধান নিয়ে যখন আমাদের মধ্যে কোনো সম্মান থাকে না, তখন এটা কাগজের বই ছাড়া আর কিছু না। সংবিধান ছুড়ে ফেলে দেয়া এখন সময়ের ব্যাপার। জেন-জি ও জেন-আলফারা আসছে, তারা এটাকে ছুড়ে ফেলবে এবং একটি নতুন রাষ্ট্র-সরকার ব্যবস্থা গড়ে উঠবে।বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হল মুক্তমঞ্চ সংলগ্ন তারেক স্মৃতি মিলনায়তনে ‘তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সেমিনারের আয়োজন করে জাতীয় ছাত্র শক্তি ময়মনসিংহ জেলা শাখা।সেমিনারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আর্থিক কাঠামোর বড় ধরনের সংস্কার ছাড়া এত বড় বাজেট কীভাবে বাস্তবায়ন করা হবে, তা এখনো পরিষ্কার নয়। বর্তমান কর প্রশাসনিক সক্ষমতা দিয়ে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, একটি নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম বাজেটে জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন থাকবে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিকল্পনা দৃশ্যমান নয়।আরও পড়ুন: সিটি করপোরেশনের প্রশাসকরা চেয়ারে বসেই ভোট চাচ্ছেন: আসিফবর্তমান অর্থনীতির মৌলিক সংকটগুলোর মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা, বিনিয়োগ সংকট ও রাজস্ব ঘাটতি নিয়ে বাজেটে সুস্পষ্ট রূপরেখা নেই বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ‘বরং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচি নিয়েই সরকারের আলোচনা বেশি দেখা যাচ্ছে।’সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে জাতীয় ছাত্র শক্তির তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, তরুণদের জন্য আলাদা বাজেট, কর্মসংস্থান ও কৃষিখাতসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।ছাত্র শক্তির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাহিদ আহসান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান প্রমুখ।
Go to News Site