Collector
সংস্কার ছাড়া অর্থনীতির ‘অন্ধগলি’ থেকে বের হওয়া কঠিন: সেলিম রায়হান | Collector
সংস্কার ছাড়া অর্থনীতির ‘অন্ধগলি’ থেকে বের হওয়া কঠিন: সেলিম রায়হান
Jagonews24

সংস্কার ছাড়া অর্থনীতির ‘অন্ধগলি’ থেকে বের হওয়া কঠিন: সেলিম রায়হান

দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে চলমান কাঠামোগত সমস্যার সমাধানে কার্যকর সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান। তিনি বলেন, ব্যাংক ও কর খাতে সমন্বিত সংস্কার না হলে বাংলাদেশ রাজনৈতিক অর্থনীতির ‘অন্ধগলি’ থেকে বের হতে পারবে না। বৃহস্পতিবার (২১ মে) রাতে সমাজ গবেষণা কেন্দ্র আয়োজিত ‘বিএনপি সরকারের ১০০ দিন- একটি প্রাথমিক মূল্যায়ণ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে অর্থনীতিবিদ ড. এম এম আকাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাক রেহমান সোবহান, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম। সেলিম রায়হান বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশে যে অর্থনৈতিক ধারা গড়ে উঠেছে, সেখানে বৈষম্য ও ক্রোনি ক্যাপিটালিজমের বড় ধরনের প্রভাব দেখা যাচ্ছে। এ অবস্থা থেকে বের হতে গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কারের দাবি বহুদিনের। তিনি বলেন, গত দুই বছরে বিভিন্ন কমিশন ও কমিটির মাধ্যমে সংস্কার নিয়ে কিছু সুনির্দিষ্ট ধারণা পাওয়া গেলেও সরকার সেই সংস্কার বাস্তবায়নে কতটা ইতিবাচক, তা এখনো স্পষ্ট নয়। আরও পড়ুনঅন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় চলছে বিএনপি সরকার: আনু মুহাম্মদ তিনি আরও বলেন, বিশেষ করে ব্যাংক খাত ও কর খাতের সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে সমন্বিত রূপরেখার অভাব রয়েছে বিচ্ছিন্নভাবে সংস্কারের আলোচনা হচ্ছে, কিন্তু সংগঠিতভাবে সংস্কারের বিষয়টি এখনো দৃশ্যমান নয়। অর্থনীতিবিদ সেলিম রায়হান আরও বলেন, কাঠামোগত পরিবর্তন ছাড়া অসমতা কমানো, অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং বহুমুখীকরণের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নও বাধাগ্রস্ত হবে। সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ কিছু উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেগুলোর সফলতা কাম্য। তবে এসব উদ্যোগের অর্থায়ন কতটা টেকসই হবে, সেটি নিশ্চিত করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা না থাকলে এ ধরনের উদ্যোগ কিছুদিন পর হারিয়ে যেতে পারে কিংবা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া যাদের জন্য এসব কার্ড ও উদ্যোগ নেওয়া হচ্ছে, তারা প্রকৃতভাবে সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়ে নির্ভুল তথ্য-উপাত্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সেলিম বলেন, পুরো প্রক্রিয়ায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে জনগণের আস্থা তৈরি হয়। ইএইচটি/বিএ

Go to News Site