Jagonews24
পাবনার ভাঙ্গুড়ায় রাজনৈতিক বিরোধ ও কথা কাটাকাটির জেরে জিল্লুর রহমান (৪৫) নামে উপজেলা জামায়াতের এক কর্মপরিষদ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার পর হামলাকারীদের গ্রেফতার দাবিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার। তিনি আসামিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কালিনজিরা গ্রামের নজির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের ‘বেহেশতের টিকিট’ সংক্রান্ত একটি ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জিল্লুর রহমান প্রতিপক্ষের একজনকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। এরই জেরে রাতে বাড়ি ফেরার পথে কালিনজিরা ব্রিজের ওপর ওত পেতে থাকা সশস্ত্র একদল যুবক জিল্লুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের নেতৃত্বে নেতাকর্মী ভাঙ্গুড়া থানার সামনে জড়ো হন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানা চত্বরে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলে রাত ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয় এবং নেতাকর্মীরা থানা চত্বর ত্যাগ করেন। ওসি সাকিউল আজম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। আলমগীর হোসাইন নাবিল/এএইচ/জেআইএম
Go to News Site