Jagonews24
১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) এবং বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরামের (বোটফ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরামের বার্ষিক সদস্য সম্মেলন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় এ সমঝোতা স্মারক সই হয়। পর্যটন বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রা আয়োজিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) সফলভাবে আয়োজন ও প্রচারের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতেই এ সমঝোতা স্মারক সই হয়। আগামী ১৭–১৯ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এটিএফ ঢাকার পক্ষে চুক্তিতে সই করেন এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল এবং বোটফের পক্ষে সই করেন সংগঠনটির সভাপতি চৌধুরী হাসানুজ্জামান। সমঝোতা অনুযায়ী, বোটফ এটিএফ ঢাকা আয়োজনের সহযোগী সংগঠন/ফোরাম হিসেবে যুক্ত থাকবে। বোটফ সদস্যরা বিশেষ মূল্যে এশিয়ান ট্যুরিজম ফেয়ারে অংশ নেবে। এ সহযোগিতার মাধ্যমে বি-টু-বি নেটওয়ার্কিং, আউটবাউন্ড পর্যটন প্রসার, আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি এবং দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ বিশেষ গুরুত্ব পাবে আউটবাউন্ড ট্যুরিজম, ডোমেস্টিক ও ইনবাউন্ড ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম এবং ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস। আয়োজকরা আশা করছেন, ১৫টিরও বেশি দেশের ৩০০-এর অধিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে, যা পর্যটন গন্তব্য প্রচার, বিনিয়োগ, তথ্যের বিনিময় এবং বি-টু-বি নেটওয়ার্কিংয়ের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে বক্তারা পর্যটন খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক পর্যটন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। এমএমএ/এমকেআর
Go to News Site