Jagonews24
২০২৩ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদো কাছাকাছি গিয়েও জিততে পারছিলেন না লিগ শিরোপা। এবারও একেবারে কাছাকাছি এসে আল হিলালের বিপক্ষে শেষ মুহূর্তের ড্রয়ে বাড়ে দুশ্চিন্তা। ডাগআউটে শিশুর মতো কেঁদে দেন রোনালদো। তাতেই স্পষ্ট হয়ে যায়, কতটা অপেক্ষা তার শিরোপার জন্য। অবশেষে সেই অপেক্ষে ঘুচিয়েছেন রোনালদো নিজেই, জোড়া গোল করে। তার দুর্দান্ত পারফরম্যান্সে দামাক এফসিকে ৪-১ ব্যবধানে হারিয়ে আল নাসর জিতেছে তাদের ১১তম লিগ শিরোপা। বৃহস্পতিবার রিয়াদের আল-আওয়াল পার্কে এই জয়ের মাধ্যমে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তুললো আল নাসর। একই সঙ্গে সৌদি ক্লাবটির হয়ে প্রথমবার কোনো মেজর ট্রফি জিতলেন পর্তুগীজ তারকা। গত সপ্তাহে গাম্বা ওসাকার কাছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফাইনালে হারের হতাশা এবার শিরোপা জয়ে কিছুটা হলেও কমলো। আল নাসর ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ৩৩ মিনিটে সাদিও মানের গোলে। কর্নার থেকে আসা বল ফাঁকায় দাঁড়িয়ে জালে পাঠান তিনি। পুরো প্রথমার্ধজুড়ে সক্রিয় ছিলেন জোয়াও ফেলিক্স। ডান প্রান্ত ও মাঝমাঠে ঘুরে বেড়িয়ে আক্রমণে গতি আনছিলেন তিনি। ৫২ মিনিটে ডান দিক থেকে ভেতরে ঢুকে গোল করে ব্যবধান বাড়ান কিংসলে কোম্যান। ম্যাচে ফেরার চেষ্টা চালায় অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দামাক। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করে ব্যবধান কমান মোরলায়ে সিল্লা। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় আল নাসর। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেন রোনালদো। ফ্রি-কিক থেকে নিজের প্রথম গোলটি করেন তিনি। কঠিন কোণ থেকে নেওয়া শটটি কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে জালে জড়িয়ে যায়। ৮১ মিনিটে আরও একটি গোল করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। আবারও কোম্যানের দারুণ আক্রমণ থেকে বল পেয়ে সহজেই জাল খুঁজে নেন আল নাসর অধিনায়ক। অন্য ম্যাচে আল রিয়াদের জয়ের কারণে অবনমন নিশ্চিত হয়েছে দামাকের। তবে আল নাসরের জন্য শেষ বাঁশি ছিল স্বস্তি ও উল্লাসের। আগের হতাশাগুলো পেছনে ফেলে শেষ পর্যন্ত সৌদি লিগ শিরোপা জিতলেন রোনালদো ও তার দল। আইএন
Go to News Site