Jagonews24
ধর্ষণ রোধে কোরআনের আইন বাস্তবায়ন ও ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আমির হামজার বিষয়ে অনলাইনে প্রচারে থাকা ‘তানভির টিভি-২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে বক্তব্যটি পোস্ট করা হয়েছে। বক্তৃতায় আমির হামজা বলেন, ‘দেশের যে আইন আছে সেই আইনে রামিসা, আছিয়া, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যিই ধর্ষণের বিচার করা লাগে, তাহলে কোরআনে সুরা আন-নুরের আয়াতের আলোকে বিচার করা লাগবে।’ তিনি বলেন, ‘এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন, তাহলে বাংলাদেশের যুবকদের ধর্ষণতো দূরের কথা; স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।’ আমির হামজা বলেন, ‘ওয়াজ মাহফিল, তাফসিরুল মাহফিল, সংসদে গলাবাজি, মঞ্চে বক্তব্য-বিবৃতি কিংবা মানববন্ধন করে ধর্ষণ জীবনেও বন্ধ হবে না, যদি শরিয়তের আইন বাংলাদেশে কায়েম না করা যায়।’ জামায়াতের এই এমপি বলেন, ‘আমিও বাবা। আমারও তিনটা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজো মেয়ের কথা মনে হচ্ছে।’ রামিসা হত্যাকাণ্ডে জড়িতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মানুষ এত নিচে নামে কী করে! আপনি কোন রুচিতে পাঁচ-ছয় বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আবার মেরে ফেললেন!’ আমির হামজা বলেন, ‘মানুষ নামের এই জানোয়ারগুলোর বিচার শুধুমাত্র জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না; এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে।’ আল-মামুন সাগর/এসআর/এএসএম
Go to News Site