Somoy TV
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।শুক্রবার (২২ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ওই কূটনৈতিক সূত্রটি ইরনাকে নিশ্চিত করেছে, পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে দেশটির রাজধানী তেহরানে যাচ্ছেন। তবে এই সফরের সময়সীমা বা স্থায়িত্ব কতদিন হবে, সে বিষয়ে সূত্রটি বিস্তারিত কিছু জানায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের চলমান কূটনৈতিক মধ্যস্থতা প্রচেষ্টার মাঝে তেহরানে আসিম মুনিরের এটি দ্বিতীয় সফর। বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানে অবস্থান করছেন। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত: রিপোর্ট এদিকে শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো ঘোষণা করা হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে স্থল, নৌ ও আকাশপথে তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত খসড়ায় উভয় পক্ষ থেকে সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোতে হামলা না চালানোর পারস্পরিক অঙ্গীকার রয়েছে। একইসঙ্গে সামরিক অভিযান ও গণমাধ্যমে শত্রুতামূলক প্রচারণা বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। আরও পড়ুন: ট্রাম্পের চীন সফরের পরই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করছে যুক্তরাষ্ট্র! সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত কাঠামোতে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া আরব উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো রাখা হয়েছে। এর আগে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। আর এতে এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক সংকেত পাওয়ার দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক দিনের পরিস্থিতিই নির্ধারণ করবে আলোচনা কোন দিকে যাবে।
Go to News Site