Jagonews24
বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। এজন্য দ্রুত সময়ের মধ্যে বিচার বিভাগকে কার্যকর ও সক্রিয় করার দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে পল্লবীর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। দেশে একমুখী বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর তাগিদ দিয়ে খেলাঘরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না বলেন, আমরা শিক্ষায় অন্ধকারের দিকে ছেলে-মেয়েদের নিয়ে যাচ্ছি। তিনি বলেন, কন্যাশিশুরা যেমন নানা পাশবিকতার শিকার হচ্ছে, তেমনি মাদরাসায় ছেলে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এমন পাশবিকতা মেনে নেওয়া যায় না। সব মিলিয়ে সমাজে অত্যাচারের মুখে আমাদের শিশুরা। তাদের সুরক্ষায় রাষ্ট্রের এগিয়ে আশার পাশাপাশি সমাজ বিল্পব সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই। মানবিক সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিয়ে খেলাঘরের সাধারণ সম্পাদক সম্পাদক প্রণয় সাহা বলেন, বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সব অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, সমাজ পরিবর্তনের জন্য সাংস্কৃতিক আন্দোলন, বইপড়া, বিতর্ক, সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই, এসবকিছুর মধ্যদিয়ে মানবাধিকার সুরক্ষিত করা সম্ভব। তিনি বলেন, রাস্তার শিশু আর অট্টালিকার শিশুর মধ্যে কোনো পার্থক্য নেই, এমন চিন্তা রাষ্ট্রকে করতে হবে। মানবিক সমাজ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সামনের পথ আরও কঠিন হবে উল্লেখ করে প্রণয় সাহা বলেন, মানবিক মূল্যবোধ সৃষ্টি না হলে সংকট আরও বাড়বে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, অমল নাগ, অধ্যক্ষ শরীফ আহমেদ, আলতাব হোসেন, সুনীল সরকার, গোবিন্দ বাগচি প্রমুখ। এরপর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইএইচটি/এমএএইচ/
Go to News Site