Somoy TV
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গুদাম থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৩ মে) দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে গোদনাইল শান্তিনগর খালপাড় এলাকায় পরিত্যক্ত প্লাস্টিকের গুদাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। গুদামটির জমির মালিক ইউনূস খান নামে একব্যক্তি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পরিত্যক্ত গুদামের বাইরে তালা লাগানো গেইটের ভেতরে মরদেহ পড়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে পঁচা দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে গুদামের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এসময় নারীসহ শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত ৪/৫ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। বয়স আনুমানিক ৩৫ বছর হবে। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফউজ্জামান জানান, গোডাউনটির সামনের দরজায় তালা লাগানো ছিল। তবে পেছনের দরজা খোলা অবস্থায় ছিল। মরদেহ সামনের দরজার কাছেই পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৪ থেকে ৫ দিন ধরে সেখানে পড়ে ছিল। শরীরের অধিকাংশ স্থানে পঁচন ধরেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।
Go to News Site