Collector
ফতুল্লায় চাঁদা না পেয়ে তিন জনকে কুপিয়ে জখম, আটক ৩ | Collector
ফতুল্লায় চাঁদা না পেয়ে তিন জনকে কুপিয়ে জখম, আটক ৩
Somoy TV

ফতুল্লায় চাঁদা না পেয়ে তিন জনকে কুপিয়ে জখম, আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যক্তির কাছে চাঁদা চেয়ে না পেয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে তিন জনকে কুপিয়ে জখম করেছেন সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শনিবার (২৪ মে) রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-মিজান, কুদরত ও জনি। তবে আহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় নি। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের মূলহোতা সাব্বির এবং তার বাহিনীর সদস্যরা বেশ কিছুদিন ধরে মাসদাইর গুদারাঘাট হাজির মাঠ এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাব্বির ও তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শনিবার রাত একটায় তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। সন্ত্রাসীরা কুপিয়ে মিজান, কুদরত ও জনি নামে তিনজনকে আহত করেছেন। আরও পড়ুন: সন্ত্রাসীদের আস্তানা থেকে রাষ্ট্রীয় প্রশিক্ষণ কেন্দ্র, বদলে যাচ্ছে জঙ্গল সলিমপুর প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায়, ঘটনার কিছুক্ষণ পর পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক সম্রাট সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় সাব্বিরের ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইন। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সন্ত্রাসী হামলার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বিরসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের বাসায় অভিযান চালালে ইয়াবা ও হেরোইনসহ সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেফতার করে। এ ঘটনায় সাব্বিরের সহযোগী ও মাদক ব্যবসায় জড়িত আরও দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা পুলিশের এ অতিরিক্ত পুলিশ সুপার।

Go to News Site