Somoy TV
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গান। উদ্বোধনী গানের শিরোনাম ‘রুম ঝুম’।শনিবার (২৩ মে) সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। ‘রুম ঝুম’ গানটির মূল সুর অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ দিয়ে শুরু হয়। যেটি নজরুল গ্রহণ করে বাংলার কবিতা ও গানকে সমৃদ্ধ করেছিলেন। তাই দুই দেশের সংগীত ঐতিহ্যকে এক সুঁতোয় গেঁথেছে এবারের কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গানটি। নতুন গানটিতে অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ গেয়েছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এবং কবি নজরুলের ‘রুম ঝুম’ গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। এ গানের মাধ্যমেই প্রথমবার কোক স্টুডিও বাংলার সাথে যুক্ত হয়েছেন মাহতিম ও নুসরাত। সে অনুভূতি জানিয়ে সংবাদমাধ্যমে মাহতিম বলেন,কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের সঙ্গে সংযুক্ত করে উপস্থাপন করা হচ্ছে। যেটি একই সঙ্গে মূল শিকড় ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান ও নিবেদন বজায় রাখছে। নুসরাত বলেন,গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু ভাইয়া, যিনি ছোটবেলা থেকেই আমার ও আমার ভাই সাইফের মেন্টর ছিলেন। তাঁর সঙ্গে কাজ করা আমার কাছে একটি স্বপ্ন পূরণের মতো। কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমার সংগীতযাত্রা ‘রুম ঝুম’-এর মতো একটি গানের মাধ্যমে শুরু করাটা এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে। আরও পড়ুন: বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের এক অমলিন গল্প শোনালেন ববিতা নতুন গানটি প্রসঙ্গে কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মঈন উল্লাহ চৌধুরী বলেন,শতাব্দীপ্রাচীন একটি তুর্কি লোকজ সুর যখন বাংলা কবিতায় জায়গা করে নেয়, তখন এটি সংস্কৃতির অগ্রযাত্রাকেই তুলে ধরে। কোক স্টুডিও বাংলা সেই সত্যকেই সম্মান জানায়। ২০২২ সালে যাত্রা শুরু হওয়া কোক স্টুডিও বাংলার এবারের চতুর্থ সিজনে সর্বমোট আটটি গান থাকবে। প্রতিটি গানই ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও পড়ুন: আসছে ‘মাইকেল ২’
Go to News Site