Collector
‘শব্দে গৈরিক তরঙ্গ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন | Collector
‘শব্দে গৈরিক তরঙ্গ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
Jagonews24

‘শব্দে গৈরিক তরঙ্গ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সহযোগিতায় কবি আযাদ কালামের কাব্যগ্রন্থ ‌‘শব্দে গৈরিক তরঙ্গ’-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত পাঠ উন্মোচনে সভাপতিত্ব করেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি কবি অধ্যাপক কামরুজ্জামান গোপন। প্রধান আলোচক ছিলেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক এমরান কবির। আলোচক ছিলেন কবি অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কবি ও গবেষক চাষা হাবিব, কবি নিরঞ্জন হীরা ও কবি কমল কুজুর। বক্তব্য রাখেন কবি অধ্যাপক জলিল আহমেদ, কবি ফরিদুল আজাদ মিলন, রেজাউর রহমান রেজু, গল্পকার মাহবুব আলী, কবি আজাহারুল আজাদ জুয়েল, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, উত্তরতরঙ্গের নির্বাহী সম্পাদক রাজ্জাক কাঞ্চন প্রমুখ। কবি আযাদ কালামের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মোকাররম হোসেন, মীর শিরিন, সূর্বনা মুখার্জী এবং ছড়াকার বিধান দত্ত। আরও পড়ুনঅনুপ্রাণন সাম্প্রতিকের গল্প ও গল্পকারের মোড়ক উন্মোচন  প্রধান আলোচক এমরান কবির বলেন, ‘সাম্প্রতিক কবিতার বড় একটি ব্যর্থতা হলো এর কেন্দ্রহীনতা, পারম্পর্যহীন শব্দ সমবায় ও পঙক্তির বিধ্বস্তরূপ বিন্যাস। বিমূর্তায়ন ও বিচ্ছুরণের দিকে ধাবিত হতে গিয়ে সাম্প্রতিক কবিতা প্রায়ই কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে প্রকৃতপক্ষে কবিতা পড়া যাচ্ছে না। শব্দ থেকে শব্দের যোগাযোগহীনতা, পঙক্তি থেকে পঙক্তির পারম্পর্যহীনতা পাঠককেও যোগাযোগহীন করে তুলছে। এই যোগাযোগহীনতা বা সংযোগ স্থাপনের ব্যর্থতার জন্য কবিতাও এখন সবচেয়ে কম পঠিত হচ্ছে।’ তিনি বলেন, ‘আযাদ কালামের কবিতা পাঠ করতে গিয়ে দেখা যায় এসব নেতিবাচক উপাদানের উপস্থিতি নেই। ফলে তার কবিতাগুলো পড়া যায়। আর যদি কোনো কবিতা পড়া যায়, তাহলে বলা যেতে পারে সেই কবিতায় ‘কিছু একটা’ আছে। এই ‘কিছু একটা’ হলো কবিতার অধরা আলোর কাছে পাঠকের প্রত্যাশা। আযাদ কালামের কবিতা সেই প্রত্যাশা পূরণ করে। কেন্দ্র থেকে অনেক দূরে মফস্বলে অবস্থান করেও বৈশ্বিক কবিতার সমান্তরালে যে কবিতা চর্চা করা সম্ভব, আযাদ কালাম তা প্রমাণ করেছেন।’ কবি আযাদ কালাম তার কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি ও শিল্পী কমল কুজুর। এসইউ

Go to News Site