Somoy TV
বোলারের অ্যাকশন অবৈধ কিনা, ম্যাচ চলাকালীনই তা যাচাই করতে পারবেন আম্পায়াররা। লাল বলের টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইট জ্বললে ব্যবহার করা হবে গোলাপি বল। সময় কমছে টি-২০ ইনিংস বিরতির। আর ওয়ানডে ম্যাচে মাঠের মাঝে ঢোকার সুযোগ পাবে কোচ নিজেই। এমন সব পরিবর্তনের প্রস্তাব উঠবে ৩০শে মে আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি সভায়।২০১৬ টি-২০ বিশ্বকাপের কথা মনে আছে? টুর্নামেন্টের মাঝে হুট করেই নিষিদ্ধ করা হয় তাসকিন আহমেদকে। কারণটা অবৈধ বোলিং অ্যাকশন। যদিও পরীক্ষা দিয়ে সে সন্দেহকে ভুল প্রমাণ করেন এই পেসার। তবে ছন্দে থাকার পরও হাতছাড়া হয় একটা বিশ্বকাপ। তাসকিনের মতো যেন কেউ আর ভোগান্তিতে না পড়েন, সে সমাধান বের করতে যাচ্ছে আইসিসি। ৩০শে মে আহমেদাবাদে বসবে আইসিসির পরবর্তী বোর্ড সভা। আর সে সভায় তোলা হবে বেশকিছু সংশোধনী প্রস্তাব। যার মধ্যে একটা, ম্যাচ চলাকালীন করা যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। আম্পায়াররা হক আই প্রযুক্তি ব্যবহার করে এই পরীক্ষা করতে পারবেন। আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন ৬ জন শুধু তাই নয়, পরিবর্তন আসতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের নিয়মে। আলোক স্বল্পতায় ফ্লাডলাইট জ্বালানো হলে লাল বলের পরিবর্তে ব্যবহার হবে গোলাপী বল। অবশ্য তাতে সায় থাকতে হবে দুই দলের। অবশ্য ঐ গোলাপী বল নতুন হবে নাকি পুরনো, কিংবা তাতে ব্যাট করা দল ক্ষতিগ্রস্থ হবে কিনা সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। এছাড়া ওয়ানডে ক্রিকেটের ড্রিঙ্কস ব্রেকে মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছেন কোচ। এতদিন পর্যন্ত নির্ধারিত ড্রেস কোডে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে ঢুকতো। কোচেরও ঐ নিয়ম মানতে হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এদিকে, টি-২০ ক্রিকেটকে আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নিতে যাচ্ছে আইসিসি। এতদিন ইনিংস ব্রেক ২০ মিনিটের হলেও সেটা ১৫ মিনিটে নামিয়ে আনার প্রস্তাব তোলা হবে বোর্ড সভায়। তাতে অবশ্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ বাড়বে। কৌশল সাজাতে হবে আরও দ্রুত। আরও পড়ুন: পাকিস্তানের পর ভারতকেও পেছনে ফেললো বাংলাদেশ এসবই প্রস্তাবিত সংশোধনী। বোর্ড সভায় তোলার পর সায় থাকতে হবে সংশ্লিষ্টদের। আহমেদাবাদের ঐ বৈঠক তাই এখন বেশ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আরেকটা কারণে, সভায় পিসিবি চেয়ারম্যানের ভারত সফর ঘিরে। যদিও আমন্ত্রিত হলেও এখনো নিশ্চিত নয় মহসিন নাকভির ভারত সফর।
Go to News Site