Somoy TV
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’র অফিশিয়াল ভিডিও প্রকাশ করলেন ল্যাটিন পপ সংগীতশিল্পী শাকিরা ও বার্না বয়। বিশ্বখ্যাত একাধিক ফুটবল তারকার অতিথি শিল্পী হিসেবে উপস্থিতি ভিডিওটির অন্যতম প্রধান আকর্ষণ।শনিবার (২৩ মে) প্রকাশিত হওয়া ৪ মিনিটের ভিডিওর শুরুতেই দেখা যায়, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো ফুটবল তারকারা মাঠে নামেন। খেলোয়াড়রা বলেন, শাকিরা খেলার মাঠে ‘আমরা প্রস্তুত’। বিশ্বকাপের থিম সংয়ের অফিশিয়াল ভিডিওতে ফুটবল তারকাদের এমন উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে ভক্তদের। ভিডিওটি প্রকাশের ১২ ঘণ্টা না পেরোতেই ৫ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে এটি। মিয়ামিতে চিত্রায়িত এবং হানা লাক্স ডেভিস পরিচালিত এই ভিডিওতে আলাদা চমক হিসেবে গায়িকাকে দেখা যায় মেক্সিকো সিটির বিখ্যাত ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’-এর চূড়ায়। মিউজিক ভিডিওতে মরুভূমিতে নৃত্যরত শাকিরার সঙ্গী হয় একদল আফ্রিকান শিশু। বিশ্বকাপের ‘দাই দাই’ গানের মধ্য দিয়ে দীর্ঘ এক যুগের বিরতি ভেঙে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন শাকিরা। গায়িকার গাওয়া এবারের গানটিও নেটদুনিয়ায় প্রকাশ হওয়া মাত্রই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি করেছে ব্যাপক উত্তেজনা। আরও পড়ুন: প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গান গানটির মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল সংগীতে কণ্ঠ দিয়েছেন শাকিরা। সর্বপ্রথম ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’তে কণ্ঠ দেন গায়িকা। গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘লা লা লা’ গান দিয়ে দর্শক মাতান তিনি। এরপর দীর্ঘ ১২ বছরের বিরতি ভেঙে ২০২৬ সালে এবার ফুটবল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’ নিয়ে হাজির হলেন শাকিরা। এবারের থিম সংয়ে গায়িকার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। দুই দেশের ভিন্ন সংস্কৃতিকে একই বিশ্বকাপের আবেগ, বৈচিত্র্য ও বৈশ্বিক ঐক্যে তুলে ধরতে দুই দেশের শিল্পীকে একমঞ্চে এনেছেন আয়োজকরা। আরও পড়ুন: আবারও চোট পেয়েছেন নেইমার, ম্যাচ খেলা নিয়ে শঙ্কা প্রসঙ্গত, আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের জমকালো আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বের ৪৮টি দলের ফুটবল নিয়ে লড়াকু আসরের উন্মাদনা বাড়াচ্ছে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়া শাকিরা ও বার্না বয়ের গাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ থিম সং ‘দাই দাই’।
Go to News Site