Collector
মৌসুমের শেষ ম্যাচেও হারলো চ্যাম্পিয়ন বার্সেলোনা | Collector
মৌসুমের শেষ ম্যাচেও হারলো চ্যাম্পিয়ন বার্সেলোনা
Jagonews24

মৌসুমের শেষ ম্যাচেও হারলো চ্যাম্পিয়ন বার্সেলোনা

সুযোগ ছিল ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার। কিন্তু শেষ তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট অর্জন করতে পেরেছে বার্সা। এল ক্ল্যাসিকোয় যে ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছিল, তার পরের ম্যাচেই আলাভেসের কাছে হেরে গিয়েছিল বার্সা। এরপর রিয়াল বেটিসকে হারালেও মৌসুমের একেবারে শেষ ম্যাচে এসে শনিবার ভ্যালেন্সিয়ার কাছে হারতে হলো ৩-১ গোলের ব্যবধানে। পরাজয় দিয়েই মৌসুমটা শেষ করলো তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় স্বাগতিকরা। তবে গুরুত্বপূর্ণ এই জয় পেয়েও ইউরোপিয়ান প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করতে পারেনি ভ্যালেন্সিয়া। বার্সেলোনার হয়ে নিজের শেষ ম্যাচে গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। পোল্যান্ডের অভিজ্ঞ এই স্ট্রাইকারের গোলেই এগিয়ে গিয়েছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভ্যালেন্সিয়া। হুগো দুরো, লুইস রিওহা ও উনাই নুনিয়েজ শুরুতেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন। পরে দিয়েগো লোপেজের শট অল্পের জন্য বাইরে চলে যায়। প্রথমার্ধের শেষদিকে আবারও বিপজ্জনক আক্রমণ করে ভ্যালেন্সিয়া। এবার রোনাল্ড আরাউহোর গুরুত্বপূর্ণ ব্লকে রক্ষা পায় বার্সেলোনা। অন্যদিকে বার্সার হয়ে আলেহান্দ্রো বালদের শট সাইড নেটে লাগে। এরপর প্রথমার্ধের শেষ দিকে সবচেয়ে কাছাকাছি যায় বার্সেলোনা, যখন লেওয়ানডস্কির হেড পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে উনাই নুনিয়েজের জোরালো শট দারুণভাবে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক ভয়চেখ শেজনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ভ্যালেন্সিয়া। হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দিয়েগো লোপেজ। এরপর ম্যাচের ৬০ মিনিটের কিছু পর এগিয়ে যায় বার্সেলোনা। ফেরান তোরেসের ভলিতে নেওয়া শট গোলমুখের বাইরে যাচ্ছিল, তবে সতর্ক লেওয়ানডস্কি দিক পরিবর্তন করে বল জালে জড়ান। এটি ছিল বার্সেলোনার জার্সিতে চার মৌসুমে তার ১১৯তম গোল। গোল হজমের পর পেনাল্টির দাবি তোলে ভ্যালেন্সিয়া, যখন নুনিয়েজ বক্সে পড়ে যান। তবে রেফারি সেই আবেদন নাকচ করে দেন। মাত্র দুই মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সের সামনে বল পেয়ে জাভি গেরা বাঁ দিকে শরীরের ফাঁকি দিয়ে শেজনিকে পরাস্ত করেন দারুণ ফিনিশে। সমতায় ফেরার চার মিনিটের মধ্যেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। হেসুস ভাসকেসের চমৎকার আক্রমণ থেকে গেরার শট ব্লক হলেও ফিরতি বলে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন লুইস রিওহা। এরপর আবারও পেনাল্টির আশা জাগে ভ্যালেন্সিয়ার। মার্ক বের্নাল ফাউল করেন ভাসকেসকে। প্রথমে পেনাল্টির ইঙ্গিত মিললেও ভিএআরে দেখা যায় ঘটনাটি বক্সের বাইরে ঘটেছে। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি দুর্দান্ত দুটি সেভ করে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। শেষ পর্যন্ত যোগ করা সময়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ভ্যালেন্সিয়া। বক্সের বাইরে থেকে গুইদো রদ্রিগেজের শক্তিশালী শটে হতভম্ব হয়ে যান শেজনি। এই জয়ে তিন পয়েন্ট পেলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি ভ্যালেন্সিয়া। কারণ অন্য ম্যাচে গেতাফে ও রায়ো ভায়েকানোর জয় তাদের ইউরোপার স্বপ্ন শেষ করে দেয়। ম্যাচের আগে ক্লাব মালিক পিটার লিমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ভ্যালেন্সিয়া সমর্থকেরা। তবে মাঠে দলের লড়াকু পারফরম্যান্স কিছুটা হলেও তাদের আশাবাদী করেছে। আইএইচএস/

Go to News Site