Collector
বাজেটে বরাবরই উপেক্ষিত কৃষি খাত, বিনিয়োগ-ভর্তুকি বাড়ানোর তাগিদ | Collector
বাজেটে বরাবরই উপেক্ষিত কৃষি খাত, বিনিয়োগ-ভর্তুকি বাড়ানোর তাগিদ
Somoy TV

বাজেটে বরাবরই উপেক্ষিত কৃষি খাত, বিনিয়োগ-ভর্তুকি বাড়ানোর তাগিদ

গত ১৪ অর্থবছর ধরে মোট বাজেটের ১০ শতাংশের নিচে বরাদ্দ পাচ্ছে কৃষিখাত। খাদ্য নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে এই খাতের গুরুত্ব বাড়লেও বাজেটে বরাদ্দ কমছে। এমন পরিস্থিতিতে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ভোক্তাদের স্বস্তি দিতে আসন্ন বাজেটে কৃষিতে বিনিয়োগ, ভর্তুকি এবং প্রযুক্তিনির্ভর সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিডিপিতে কৃষির অবদান প্রায় ১১ শতাংশ। মোট কর্মশক্তির প্রায় ৪০ শতাংশ এবং গ্রামীণ নারীদের প্রায় ৬০ শতাংশ কৃষিভিত্তিক কাজে যুক্ত। কৃষিকে টেকসই ও লাভজনক খাতে পরিণত করতে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধি, কৃষি ভর্তুকি ও প্রণোদনা সম্প্রসারণ, কৃষির যান্ত্রিকীকরণ এবং কৃষকদের জন্য ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা। তারা বলেন, কৃষিসংশ্লিষ্ট খাতে ভর্তুকি কমালে উৎপাদন ব্যাহত হতে পারে। সরকারের উচিত সার, বীজ উৎপাদন ও বিতরণে গুরুত্ব দেয়া। পাশাপাশি কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করা এবং বাজেটে তাদের জন্য আলাদা গুরুত্ব রাখা দরকার। এতে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি অনেক মানুষ কৃষিকাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। আরও পড়ুন: পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের: মন্ত্রী তবে বাজেটে কৃষিখাতে বরাদ্দ বরাবরই তুলনামূলকভাবে কম। ২০১১-১২ অর্থবছরে মোট বাজেটের সর্বোচ্চ ১০.৬৫ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছিল এই খাতে। এরপর ক্রমাগত কমার পর ২০২৩-২৪ অর্থবছরে ৮.৭০ শতাংশ মিললেও চলতি অর্থবছরে তা আবারও কমে ৫.৯ শতাংশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই। তাই অন্তত মোট বাজেটের ১০ শতাংশ কৃষিখাতে বরাদ্দ দেয়ার পরামর্শ দিয়েছেন তারা। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, বাজেট যেমন দরকার, তেমনি কৃষিতে ভর্তুকি বাড়ানোও জরুরি। এটি খরচ নয়, বরং বিনিয়োগ। কৃষিখাতে বিনিয়োগ না বাড়ালে উৎপাদন বাড়বে না। উৎপাদন না বাড়লে খাদ্যে আমদানি নির্ভরতা বাড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়বে। সমন্বিত কৃষিনীতি বাস্তবায়ন করা গেলে কৃষিখাতে টেকসই পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Go to News Site