Collector
প্লে-অফের স্বপ্ন বাঁচাতে কেকেআরের কঠিন চ্যালেঞ্জ, তাকিয়ে থাকতে হবে রাজস্থানের হারেও | Collector
প্লে-অফের স্বপ্ন বাঁচাতে কেকেআরের কঠিন চ্যালেঞ্জ, তাকিয়ে থাকতে হবে রাজস্থানের হারেও
Somoy TV

প্লে-অফের স্বপ্ন বাঁচাতে কেকেআরের কঠিন চ্যালেঞ্জ, তাকিয়ে থাকতে হবে রাজস্থানের হারেও

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। এমন কঠিন সমীকরণ সামনে নিয়েই আইপিএলে রোববার (২৪ মে) দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।মৌসুমের প্রথম ছয় ম্যাচ শেষে কেকেআরের ঝুলিতে ছিল মাত্র এক পয়েন্ট, সেটিও বৃষ্টির কারণে পাঞ্জাব কিংসের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া। ব্যাট হাতে ক্যামেরন গ্রিনের ব্যর্থতা, তরুণ বোলারদের অনুজ্জ্বল পারফরম্যান্স এবং ওপেনিংয়ে ধীরগতির ব্যাটিং; সব মিলিয়ে এলোমেলো এক দল ছিল কলকাতা। তবে সময়ের সঙ্গে পাল্টেছে চিত্র। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী ও গ্রিনকে ঘিরে গড়ে উঠেছে কার্যকর বোলিং ইউনিট। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মনীশ পান্ডের ৩৩ বলে ৪৫ রানের ম্যাচজয়ী ইনিংস প্রমাণ করেছে ব্যাটিং গভীরতাও আছে তাদের। এখনও অবশ্য প্লে-অফে ওঠার সম্ভাবনা ক্ষীণই। শনিবার রাতে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে পাঞ্জাব কিংস। ফলে কেকেআরের প্রথম শর্ত, আজ বিকেলের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারতেই হবে। এরপর নিজেদের ম্যাচেও বড় জয় তুলে নিতে হবে কলকাতাকে। যদি আগে ব্যাট করে ২০০ রান তোলে কেকেআর, তাহলে অন্তত ৭৭ রানে জিততে হবে। আর যদি ১৮০ রানের লক্ষ্য তাড়া করে, তবে সেটি পেরোতে হবে ১২ থেকে ১২.৪ ওভারের মধ্যেই। তাদের সামনে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস, যারা ইতোমধ্যেই প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেছে। তবে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং কিংবা কেএল রাহুল ও অভিষেক পোরেলের সাম্প্রতিক ফর্ম দেখিয়ে দিয়েছে, দিল্লিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আরও পড়ুন: ক্রিকেটের তিন ফরম্যাটেই বড় সংস্কারের আভাস আইসিসির সভায় এই মৌসুমে কেকেআরের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন অংক্রিশ রঘুবংশী। ১২ ইনিংসে ৪২২ রান করার পথে করেছিলেন পাঁচটি ফিফটি। কিন্তু কনকাশন ও বাঁ হাতের আঙুল ভাঙার কারণে ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকেই। তার বদলি হিসেবে একাদশে সুযোগ পাওয়া তেজস্বী দাহিয়াই আজ উইকেটকিপার হিসেবে খেলতে পারেন। অন্যথায় নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনকে গ্লাভস হাতে নামাতে হতে পারে, যাতে অতিরিক্ত ব্যাটার খেলানোর সুযোগ তৈরি হয়। এদিকে মৌসুমের শুরুতে রানই পাচ্ছিলেন না ক্যামেরন গ্রিন। ব্যাটিং অর্ডারে একাধিকবার পরিবর্তন আনার পরও মিলছিল না সমাধান। তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৭৯ রানের ইনিংসের পর থেকে বদলে গেছে চিত্র। শেষ আট ইনিংসের পাঁচটিতে ৩০ এর বেশি রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতেও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ের বিপক্ষে ২ উইকেটে ২৩ রানের স্পেল ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল কেকেআরের দিকে। অন্যদিকে দিল্লির অভিষেক পোরেলের মৌসুমটা ছিল ওঠানামার। পাথুম নিশাঙ্কার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে রাজস্থানের বিপক্ষে ঝড় তোলেন এই বাঁহাতি ওপেনার। জফরা আর্চার ও অ্যাডাম মিলনের মতো পেসারদের আক্রমণ করে মাত্র ২৯ বলে ফিফটি করেন তিনি। সাতটি চার ও একটি ছক্কায় সাজানো সেই ইনিংসের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন আজও। আরও পড়ুন: ২৭ কোটি রুপির পন্ত কি লখনৌর নেতৃত্ব হারাচ্ছেন ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সের ৫ নম্বর উইকেটে ফ্লাডলাইটের নিচে, যেখানে বড় সংগ্রহের সম্ভাবনাই বেশি। এই মৌসুমে এই উইকেটে হওয়া একমাত্র ম্যাচে কেকেআর তুলেছিল ২২৬ রান, পরে সানরাইজার্স হায়দরাবাদকে গুটিয়ে দেয় ১৬১ রানে। তবে স্পিনাররাই হতে পারেন ম্যাচের মূল পার্থক্য গড়ে দেওয়া শক্তি। গত দুই আইপিএলে ইডেনে স্পিনারদের ইকোনমি ছিল ৯.১৬, যেখানে পেসারদের ১০.৭৮। এ ম্যাচে আবহাওয়াও হতে পারে বড় চ্যালেঞ্জ। কলকাতার তাপমাত্রা মাঝ তিরিশে থাকার সম্ভাবনা থাকলেও ৬৮ শতাংশ আর্দ্রতা খেলোয়াড়দের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। সম্ভাব্য একাদশকলকাতা নাইট রাইডার্স: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, রিঙ্কু সিং, তেজস্বী দাহিয়া (উইকেটকিপার), সুনীল নারিন, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী। দিল্লি ক্যাপিটালস: অভিষেক পোরেল, কেএল রাহুল (উইকেটকিপার), সাহিল পারেখ, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), মুকেশ কুমার, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়/আকিব নবি, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি।

Go to News Site