Jagonews24
বাংলাদেশি পাসপোর্টে ফের ‘একসেপ্ট ইসরায়েল (ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে)’ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘অ্যাকসেপ্ট ইসরায়েল’ বাদ দেওয়া হয়েছিল। পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ ফিরছে কি না বা আর কী কী পরিবর্তন আসছে—জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য যে সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে, সেসব পাসপোর্টে আমরা আগের মতোই ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটা যুক্ত করবো। এটি আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। এটি বাংলাদেশের গণমানুষের চাহিদাও বটে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টের ভিসা পেজের মধ্যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে একটি ব্যক্তিতান্ত্রিক চর্চা আমরা লক্ষ্য করেছি। যেটা বাংলাদেশ অধিকাংশ জনগণ এবং এদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে না। সেক্ষেত্রে আমরা এটিকে বাংলাদেশের মানুষের চাহিদা অনুসারে সাজানোর চেষ্টা করেছি। ‘যেমন, ভবিষ্যতে মুদ্রার মধ্যে আপনারা বীরশ্রেষ্ঠদের চেহারা দেখতে পাবেন। এটি অবশ্য অর্থ মন্ত্রণালয়ের বিষয়। একইভাবে আমরা পাসপোর্টে যেমন- জাতীয় স্মৃতিসৌধকে ধারণ করতে চাই। আমাদের ঐতিহ্য হিসেবে আরও অনেক বিষয় আছে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সমুদ্র সৈকতকে নৈর্ব্যক্তিকভাবে, মানে নির্মোহভাবে উপস্থাপন করতে চাই। আগে আমরা দেখেছি এসব কিছু কিছু বিষয় ওখানে থাকলেও সেগুলোকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এমন কিছু ছবি ওখানে ধারণ করবো, যেখানে আপনারা বাংলাদেশের প্রতিচ্ছবি এবং প্রতিনিধিত্ব দেখবেন। বাংলাদেশের মানুষের কালচারাল যে চিন্তা, সেটাও ওখানে পরিস্ফুট হতে দেখবেন। ওখানে কোনো দলীয় চিন্তা দেখবেন না, আগে যেটা করা হয়েছিল। তিনি বলেন, সবকিছুকে রাজনীতিকীকরণ বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা—সেগুলো ন্যাশনাল বিষয়গুলোতে থাকবে না। এটি আমাদের অঙ্গীকার। বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফ সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। আরএমএম/এমকেআর
Go to News Site