Collector
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে: চসিক মেয়র | Collector
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে: চসিক মেয়র
Jagonews24

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কাজ করছে। কোথাও অপরিকল্পিত বর্জ্য ফেলা কিংবা ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে পানি জমে থাকলে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোববার (২৪ মে) চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকায় জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমা ও পানি নিষ্কাশন ব্যবস্থার বর্তমান অবস্থা পরিদর্শনকালে চসিক মেয়র এসব কথা বলেন। তিনি কাতালগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনের সময় কাতালগঞ্জ বৌদ্ধ মন্দিরের সামনে ওয়াসার পানির পাইপলাইনের লিকেজের কারণে সড়কে পানি জমে থাকতে দেখেন মেয়র। এ সময় দ্রুত সমস্যা সমাধানে ওয়াসা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মেয়র বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কোথাও পাইপ লিকেজ, অপরিকল্পিত বর্জ্য ফেলা কিংবা ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে পানি জমে থাকলে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে নগরবাসী যেন জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে না পড়ে, সে লক্ষ্যে বিভিন্ন এলাকার নালা-নর্দমা ও পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এমআরএএইচ/এএমএ

Go to News Site