Collector
দরবার নিয়ে বিভ্রান্তিকর তথ্য নিয়ে বাহিনীর ব্যাখ্যা | Collector
দরবার নিয়ে বিভ্রান্তিকর তথ্য নিয়ে বাহিনীর ব্যাখ্যা
Jagonews24

দরবার নিয়ে বিভ্রান্তিকর তথ্য নিয়ে বাহিনীর ব্যাখ্যা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশ কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে ‘গাজীপুরে প্রধানমন্ত্রীর দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন আনসার সদস্য গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাহিনীটি। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যাদের ‘আনসার সদস্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা প্রকৃতপক্ষে স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর সদস্য। তারা ওই দরবার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুমোদিত বা নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত কোনো তালিকাভুক্ত সদস্য ছিলেন না। রোববার (২৪ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এসব তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর দরবারসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা যাচাই ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হয়। নির্ধারিত প্রক্রিয়া ছাড়া কারও সেখানে অংশ নেওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট তিন ব্যক্তি ওই দিনের কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেননি বলে দাবি করা হয়। ঘটনার পর সমাপনী পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম ও আচরণ পর্যালোচনা করে অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ ও সন্দেহজনক কার্যকলাপের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে নিয়মিত মামলা দায়ের করা হয়। মূল অভিযোগটি সরাসরি দরবার অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির নয়; বরং ব্যারাকে অবস্থানকালীন সময়ে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ এবং বাহিনী পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে। ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত দরবারে অংশ নেওয়া বাহিনীর প্রতিনিধিরা যথাযথ নিয়মনীতি ও নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে শান্তিপূর্ণভাবে কার্যক্রম সম্পন্ন করেন বলেও জানানো হয়। উপ-পরিচালক আশিকউজ্জামান আরও জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ ও রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন বা শৃঙ্খলা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। টিটি/এমআইএইচএস

Go to News Site