Somoy TV
নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে ঘোড়াশাল রেলসেতু অতিক্রম করার সময় ঢাকা থেকে নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।নিহত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতু অতিক্রম করছিল। ওই সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। তখন ট্রেনের ছাদে থাকা যাত্রী সজিব সরকার সরাসরি বজ্রপাতের শিকার হন এবং ট্রেনের ছাদেই তার মৃত্যু হয়।বিকেল সোয়া ৫টার দিকে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে থামলে রেলওয়ে পুলিশ ও স্টেশনের লোকজন ছাদ থেকে তার লাশ নিচে নামিয়ে আনেন।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি নরসিংদী স্টেশনে পৌঁছানোর পর আমরা ছাদ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তার পরিচয় শনাক্ত করা হয়।আরও পড়ুন: হাওড়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যুরেলওয়ে পুলিশ আরও জানায়, নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা পুলিশ ফাঁড়িতে পৌঁছানোর পর তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Go to News Site