Collector
ঈদযাত্রা নিরাপদ করতে কমলাপুর রেলস্টেশনে সিটিটিসির ডগ স্কোয়াড মোতায়েন | Collector
ঈদযাত্রা নিরাপদ করতে কমলাপুর রেলস্টেশনে সিটিটিসির ডগ স্কোয়াড মোতায়েন
Jagonews24

ঈদযাত্রা নিরাপদ করতে কমলাপুর রেলস্টেশনে সিটিটিসির ডগ স্কোয়াড মোতায়েন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত কে-নাইন (ডগ স্কোয়াড) ইউনিট মোতায়েন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতকরণ প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৪ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান। তিনি জানান, কে-নাইন ইউনিটের ডগ স্কোয়াড ও সদস্যরা স্টেশনের প্রবেশপথ, প্লাটফর্ম, যাত্রীদের লাগেজ, অপেক্ষমাণ এলাকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম ঈদযাত্রা চলাকালীন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। রোববার (২৪ মে) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় তারা মোতায়েনকৃত কে-নাইন ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন ও যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ডিএমপির গৃহীত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। ডিএমপি’র উপ-কমিশনার নাসিরুদ্দিন আরও জানান, ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ রেলস্টেশন, বাস টার্মিনাল ও অন্যান্য পরিবহন কেন্দ্রে ডিএমপির নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। টিটি/এসএএইচ

Go to News Site