Jagonews24
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী তাড়ানোর জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকার একটি লেবু বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুনিল সাঁওতাল একই এলাকার রবিয়া সাঁওতালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর কমিউনিটি ক্লিনিকের পাশে অবস্থিত আতিকুর রহমান জরিপের মালিকানাধীন এই জমির লিজ গ্রহীতা ডলুবাড়ির আলতাফ মিয়ার ছেলে অর্জুন মিয়া। ওই বাগানে প্রায়ই খাবারের খোঁজে বন্য শূকর ও বানরের পাল নেমে এসে ফল-ফসলের ক্ষতিসাধন করে থাকে। বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাগান রক্ষার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। সুনিল সাঁওতাল সোমবার আনুমানিক ভোর ৫টায় লেবু বাগানে ঘাস কাটতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জানতে অর্জুনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, লেবু বাগানে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেতে চারিদিকে কাঁটাতারের বেড়া ছিল। ধারণা করা হচ্ছে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল। সেই তারে বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহিদুল ইসলাম/এফএ/এএসএম
Go to News Site