Collector
Giriş Yap
দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ | Collector
দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে এক দিন করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৭ জুন) ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো.গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে এই তিন আসামিকে এক দিন করে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলায় তদন্ত অগ্রগতি বা প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ (রোববার)। রাষ্ট্রপক্ষের প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। একইসঙ্গে, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলার আসামি হলেন, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা। শুনানিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, শাহরিয়ার কবির চলাচলে সক্ষম নন। তার চলাচলের জন্য হুইলচেয়ার দেওয়া হোক। এই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। মামলার অন্য আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ পলাতক। ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এই ৫৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এফএইচ/এএমএ

Go to News Site