Jagonews24
বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই মাঝারি দলগুলোর হুঙ্কারও বাড়ছে। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের মতো মাঝারি মানের দলের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনাকে এবারও একই রকম হার উপহার দিতে চায় আফ্রিকার দেশ আলজেরিয়া। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখে তাই হুংকারই দিয়ে বসলো তারা, ‘আমরা মেসিকে হারাবো’ বলে। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে একটা বার্তা দিয়ে রেখেছে ইতোমধ্যেই। আর সেটাই মুখ ফুটে অবলীলায় বললেন আলজেরিয়ার মিডফিল্ডার ইব্রাহিম মাজা। প্লেন থেকে নেমে এই বেয়ার লেভারকুসেন ফুটবলার বলেন, ‘ঈশ্বর সহায় থাকলে আমরা মেসিকে হারাবো। আমাদের ভালো একটি বিশ্বকাপ কাটবে। প্রথম ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে তাই এটিই বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘তারা আমাদেরকে নানাভাবে প্ররোচিত করার চেষ্টা করছে কিন্তু আমরা খেলাতেই মনোনিবেশ করছি যাতে ভালো খেলতে পারি। ঈশ্বর চাইলে আমরা ভাল খেলবো এবং মেসিকে হারাবো।’ কানসাসে বেস ক্যাম্প আলজেরিয়া দলের প্রাণভোমরা সাবেক ম্যান সিটি ফুটবলার রিয়াদ মাহরেজ। তিনি আর্জেন্টিনা সম্পর্কে বলেন, ‘আমরা এই ম্যাচটিকে অন্য সাধারণ ম্যাচের মতই ভাবছি। আমাদের হাতে এক সপ্তাহ সময় আছে প্রস্তুতি নেওয়ার কিন্তু আমরা তার আগেই প্রস্তুত।’ আর্জেন্টিনার বিপক্ষে ১৬ জুন নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আলজেরিয়া। আরআর/আইএন
Go to News Site