Collector
Giriş Yap
যশোরে সাংবাদিক গ্রেফতার, থানায় প্রতিবাদ | Collector
যশোরে সাংবাদিক গ্রেফতার, থানায় প্রতিবাদ

যশোরে সাংবাদিক গ্রেফতার, থানায় প্রতিবাদ

যশোরের শার্শা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও বিডি নিউজের বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতারের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সম্প্রতি দায়ের হওয়া একটি নাশকতা মামলায় রোববার (৭ জুন) রাতে উপজেলার জামতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খবরটি ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকেই শার্শা থানায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা জড়ো হন। এসময় সাংবাদিকরা ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত মুক্তির দাবি জানান। তারা একজন কর্মরত সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। পরিস্থিতির প্রেক্ষিতে যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন শার্শা থানায় উপস্থিত হয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। এসময় বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক বলেন, ‘সাংবাদিকের হাতে হাতকড়া- এ দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক। সমাজের নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরতে সাংবাদিকরা যে হাতে কলম ধরেন, সেই হাতে হাতকড়া পরানোর ঘটনা সাংবাদিক সমাজের জন্য যেমন দুঃখজনক, তেমনি রাষ্ট্রের জন্যও প্রশ্নের জন্ম দেয়।’ সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনাকালে এএসপি আরিফ হোসেন বলেন, ‘আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে। সাংবাদিক আসাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’ সোমবার দুপুরে সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে আদালতে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালতে নেওয়ার সময় অন্য আসামিদের সঙ্গে তার হাতেও হাতকড়া পরানো ছিল, যা নিয়ে সাংবাদিক মহলে আরও আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে শার্শার সাংবাদিক সমাজে উদ্বেগ ও আলোচনা অব্যাহত রয়েছে। মো. জামাল হোসেন/এফএ/জেআইএম

Go to News Site