Jagonews24
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর দীর্ঘ সংগীতজীবন ও অসামান্য অবদানকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘কালজয়ী কণ্ঠ, শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদীর গাওয়া জনপ্রিয় ও কালজয়ী গান। পাশাপাশি তার দীর্ঘ সংগীতজীবন, সাফল্য ও অবদানের নানা দিক তুলে ধরা হবে বিশেষ উপস্থাপনার মাধ্যমে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংগীতাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই অনুষ্ঠানে সংগীতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্মাননা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘শিল্পকলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এই সম্মাননা সেই ভালোবাসারই আরেকটি বহিঃপ্রকাশ। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ ষাটের দশক থেকে আধুনিক গান, দেশাত্মবোধক সংগীত ও চলচ্চিত্রের গানে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন সৈয়দ আব্দুল হাদী। তার কণ্ঠে ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘আসেন আমার মোক্তার’সহ অসংখ্য গান বাংলা সংগীতের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। দেশের সংগীতাঙ্গনে তার অবদান ও প্রভাব আজও সমানভাবে অনুপ্রেরণা জোগায় নতুন প্রজন্মকে। আরও পড়ুন ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন শ্বশুরবাড়ির গল্প শোনালেন বুবলী, জানালেন গোপন বিয়ের কথাও প্রসঙ্গত, গুণী শিল্পীদের সম্মান জানানোর ধারাবাহিকতায় এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকেও বিশেষ সম্মাননা প্রদান করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বাংলা গানের আরেক জীবন্ত কিংবদন্তিতুল্য সৈয়দ আব্দুল হাদী। এমএমএফ/জেআইএম
Go to News Site