Collector
Giriş Yap
প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এসআইয়ের মৃত্যু | Collector
প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এসআইয়ের মৃত্যু

প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এসআইয়ের মৃত্যু

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকালে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীবন রহমানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। থাকতেন ঢাকার সাভারে। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি চলছিল। তখন দৌড়ানোর সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন উপ-পরিদর্শক জীবন রহমান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবন রহমান মাঠে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মনির হোসেন মাহিন/এফএ/এএসএম

Go to News Site