Jagonews24
ইনিংসের চতুর্থ ওভারে জীবন পাওয়া নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিম মিলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। নিয়মিত বাউন্ডারি হাঁকিয়ে চাপে রেখেছেন অস্ট্রেলিয়ান বোলারদের। ১ উইকেট হারিয়ে প্রথম পাওয়ার প্লের ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬২ রান। নাজমুল হোসেন শান্ত ২৫ ও তামিম ব্যাটিং করছেন ৩১ রান। ইনিংসের নবম ওভারে প্রথম ছক্কা দেখেছে বাংলাদেশ, তামিমের ব্যাটে। দশম ওভারে অভিষিক্ত লিয়াম স্কটকে প্রথম বলেই লং অনে ছক্কা হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে উইকেট হারালেও বাংলাদেশের রানের চাকা থামেনি। প্রথম ৫ ওভারে ৩৪ রান করা বাংলাদেশ পরের ৫ ওভারে তুলেছে ২৮ রান। কিন্তু অস্ট্রেলিয়ান বোলাররা এখনো বাংলাদেশি ব্যাটারদের কোনো রকম বিপাকে ফেলতে পারছে না। বরং অজি বোলারদের চাপে রেখেছেন শান্ত ও তামিম। এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ডেলিভারিটা নাথান এলিস অফ স্টাম্পের আশপাশে ফুল লেংথে করেছিলেন। সেটি মাটিতে পড়ার পর বলটি শেষ মুহূর্তে বাইরে দিকে সরে যায়। ড্রাইভ করতে গিয়েছিলেন সাইফ, তবে বল ব্যাটের কানায় লেগে উড়ে যায় স্লিপে। সেখানে ডান দিকে পুরো শরীর ছুড়ে দিয়ে দুই হাতে অসাধারণ এক ক্যাচ নেন মার্নাস লাবুশেন। এসকেডি/আইএন
Go to News Site