Somoy TV
আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মঙ্গলবার (৯ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।আগামী বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। ৪৮ দলের এবারের টুর্নামেন্ট বাংলাদেশে সম্প্রচারের স্বত্ব এবার পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিআই লিমিটেড। বাংলাদেশি সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর তাদের কাছ থেকে স্বত্ব কিনে দেশে খেলা সম্প্রচার করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি আর হয়নি। বিক্রি করতে না পারায় শেষ পর্যন্ত স্বত্ব ছেড়ে দেয় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি।এরপর বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের জন্য বাংলাদেশ সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে।বিটিভির পাশাপাশি এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচার করবে সময় টেলিভিশন ও টি স্পোর্টসও। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা নিরসনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উদ্যোগী হন।আরও পড়ুন: ইনজুরিতে বিশ্বকাপ শেষ ডাচ ডিফেন্ডারেরজানা গেছে, তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেন, যা আগের কোনো বিশ্বকাপের সময় ব্যবহার করা হয়নি।এবার বাংলাদেশ থেকে কেবল এই তিনটি টেলিভিশন চ্যানেলেই বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন দর্শকরা। এছাড়া বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা যাবে বাংলালিংকের ওটিটি সেবা টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ-এ।
Go to News Site