Jagonews24
ফুটবল তারকা লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি দিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। ঘটনার পর তারা প্রাথমিক চিকিৎসা নেন। স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এলাকায় বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা ব্যানার ও পতাকা টানিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে ফুটবল তারকা লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আপত্তি জানান আর্জেন্টিনার সমর্থকরা এবং ব্যানারটি সরিয়ে নিতে বলেন। তবে তা না সরানোয় রোববার গভীর রাতে আর্জেন্টিনা সমর্থকদের কয়েকজন ব্যানারটি নামিয়ে ফেলেন। ঘটনার পর রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক হয়। সেখানে উভয়পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় আবার। একপর্যায়ে সোমবার (৮ জুন) দুপুরে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে চারজন আহত হন। সালিসে উপস্থিত লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী বলেন, মেসির আপত্তিকর ছবি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পরে উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। সবাই মিলে বিশ্বকাপ উপভোগ করার পাশাপাশি ভবিষ্যতে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ব্যানারকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি। এমআরএএইচ/এসএনআর
Go to News Site