Somoy TV
রাজধানীর মৌচাক এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ব্যবসায়ী বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হতেই অ্যাকশনে নেমেছে পুলিশ। এই নৃশংস খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশের দুই প্রান্ত থেকে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন: রিয়াজ ও আল আমিন। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের বিস্তারিত পরিচয় কিংবা খুনের পেছনের মূল মোটিভ নিয়ে মুখ খুলছে না প্রশাসন। ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, ‘স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন খুনের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ ও আল আমিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।’ আরও পড়ুন: তর্কের জেরে পথচারীকে ধাক্কা দিলেন মোটরসাইকেলচালক, প্রাণ গেল বাসচাপায়এর আগে গতকাল সোমবার (৮ জুন) রাত ঠিক ৮টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং এরিয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অন্ধকারে ওত পেতে থাকা ঘাতকরা বিল্লাল হোসেনকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।নিহত বিল্লাল হোসেন তালুকদার কেবল রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়কই ছিলেন না, পেশাগত জীবনে তিনি একজন সফল সিমেন্ট-বালু ব্যবসায়ী ছিলেন। মগবাজারের দুটি এলাকায় দুই পরিবার ও ৬ সন্তান নিয়ে ছিল তার সংসার।এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে নিহতের স্বজনরা জানিয়েছেন, মামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আজ বিকেলের মধ্যেই রমনা থানায় হত্যা মামলা করা হবে। ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক কোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা রয়েছে, তা এখন পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
Go to News Site