Somoy TV
কুয়েতে বিদ্যুৎ অবকাঠামোর ক্যাবল চুরি করে বিক্রির অভিযোগে মিশরীয় ও বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল, তামার সামগ্রী ও তার কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন নজরদারি ও অনুসন্ধানের পর সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল, তামার সামগ্রী এবং তার কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিদ্যুৎ অবকাঠামোর ক্যাবল বারবার চুরি করে সেগুলো বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্তের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী একটি গুদামের সন্ধান পায়, যেখানে চুরি করা মালামাল সংরক্ষণ করা হতো। তদন্তে জানা যায়, গুদামটি কুয়েতের একজন নাগরিকের মালিকানাধীন এবং মাসিক ২০০ কুয়েতি দিনারের বিনিময়ে অভিযুক্তদের কাছে ভাড়া দেয়া হয়েছিল। পরিদর্শনের সময় গুদামটিতে পৌরসভার বিধিমালা ও কুয়েত ফায়ার ফোর্সের অগ্নি-নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। আরও পড়ুন: কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনা, প্রবাসী বাংলাদেশি নিহত পরবর্তীতে কুয়েত ফায়ার ফোর্স আইনগত ব্যবস্থা গ্রহণ করে গুদামটি বন্ধের নির্দেশ দেয়। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি অবকাঠামো চুরি ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site